কেশবপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ২২ মে ২০১৭, ২১:০৯
 যশোরের কেশবপুরে এক যুবতীকে প্রতারণামূলক বিয়ে করে ধর্ষণের দায়ে শাহাজালাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে একটি আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক অমিত কুমার দে এ সাজা দিয়েছেন। 
 
সাজাপ্রাপ্ত শাহাজালাল কারাগারে আটক আছে। শাহাজালাল কেশবপুরের বরনডালি গ্রামের ওজিয়ার রহমান সরদারের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, আসামি শাহাজালালের বরনডালি গ্রামের এক যুবতীর সাথে প্রেম ছিল। ২০১০ সালের ১৯ মার্চ আসমি ওই যুবতীকে তার বোনের বাড়ি যশোর শহরের বেড়ানোর কথা বলে নিয়ে আসে। এরপর তাকে বিয়ে করবে বলে অপরিচিত এক জায়গায় নিয়ে অপরিচিত এক ব্যক্তির মাধ্যমে একটি নীল কাগজে স্বাক্ষর করে নিয়ে বিয়ে হয়ে গেছে বলে জানায়। এরপর দুইদিন বিভিন্ন আত্মীয় বাড়ি রেখে শাহাজালাল ওই যুবতীকে ধর্ষণ করে। এরপর বাড়িতে যেয়ে শাহাজালাল তাকে তার নিজ বাড়িতে চলে যেতে বলে। 
 
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাজালাল তাকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দিতে চায়। এ সময় ওই যুবতীর চিৎকারে আশেপারের লোকজন এগিয়ে আসলে ঘটনা তাদের জানায়। শাহাজালাল এসময় পালিয়ে যায়। স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে ওই যুবতী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাহাজালালকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি ইদ্রিস আলী।
 
ইত্তেফাক/সাব্বির