বিমানের অভ্যন্তরীণ রুটে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ

আপডেট : ২২ মে ২০১৭, ২১:১২
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিমানের অভ্যন্তরীণ রুটে যাত্রী হয়রানি বন্ধ ও ল্যাগেজ হ্যান্ডেলিংয়ে আরও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তাগিদ দেয়া হয়েছে।
 
আজ সোমবার কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দীন সরকার এবং সাবিহা নাহার বেগম সভায় অংশগ্রহণ করেন।
 
সভায় বেসামরিক বিমান চলাচল বিল ২০১৭ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশ বিমানের লীজকৃত উড়োজাহাজ দীর্ঘদিন ধরে গ্রাউন্ডেড থাকার কারণ অনুসন্ধান করার জন্য গঠিত ৩নং সাব-কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।
 
বেসামরিক বিমান চলাচল বিল, ২০১৭ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কমিটি বিলের কতিপয় ধারা ও উপধারা সংশোধন করে। সভায় এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়কে বৈঠক করে কমিটির পরবর্তী বৈঠকে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রদান করার পরামর্শ দেয়া হয়। বাসস।
 
ইত্তেফাক/এমআই