টানা ৩ দিনের পন্য পরিবহন ধর্মঘটে থমকে গেছে উত্তরাঞ্চলের ১৬ জেলার অর্থনীতির চাকা। জেলায় জেলায় ব্যবসায়িদের মধ্যে বাড়ছে হাহাকার। চোখের সামনে ট্রাকে পঁচে যাচ্ছে কোটি কোটি টাকার কাঁচামাল। রাজধানীবাসীর জন্য পাঠানো করলা, পটল, বেগুন, বরবটি, টমোটো আর বগুড়ার কলা এখন ট্রাকে পঁচে যাচ্ছে। সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ সহ পরিবহনের বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহার সহ ৭ দফা দাবিতে উত্তরাঞ্চলে চলমান পণ্য পরিবহন ধর্মঘট ৭২ঘন্টা পালন করার ঘোষণা দিয়েছে উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে দেশের অন্য জেলায় রফতানিযোগ্য কাঁচামালের স্থানীয় দাম পড়ে গেছে। কৃষকরা ও সব্বজির মোকাম ব্যবসায়িদের মাথায় হাত পড়েছে।
সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ জানান, ৭ দফা দাবিতে চলমান ৪৮ ঘন্টার ধর্মঘট ২৪ ঘন্টা বাড়িয়ে ৭২ ঘন্টা পালনের সিদ্ধান্ত হয়েছে । ফলে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে । এরপরও দাবি আদায়ে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পবিত্র ঈদ উল ফিতর এর পরে লাগাতার ধর্মঘট পালনের কর্মষুচি দেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে হুশিয়ারি দেন নেতৃবৃন্দ । এরআগে ২১ মে হতে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট শুরু হয় । যা এখন আরও ২৪ ঘন্টা বেড়ে ৭২ ঘন্টার ধর্মঘটে রূপ নিল। সংবাদ সম্মেলনে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুলমতিন সরকার, জেলা ট্রাত শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারররফ বুলবুল প্রমূখসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল মান্নান আকন্দ বলেন, ৭ দফা দাবি দীর্ঘদিনের। সরকারের পক্ষ থেকেও এসব দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও-আজ পর্যন্ত কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি । ফলে বাধ্য্য হয়েই এই ধর্শঘট আহ্বান করা হয়েছে । আর চলতি মাসের মধ্যে যদি ৭ দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে ঈদ-উল-ফিতরের পরে লাগাতার কর্মবিরতি পালনের কর্মসূচি গ্রহণ করা হবে ।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান-ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদের আহবায়ক রুস্তম আলী খান বলেন, রংপুর ও রাজশাহী বিভাগে ট্রাক পরিবহন ধর্মঘটে তাদের নৈতিক সমর্থন আছে। পুলিশের হয়রানি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। পাশাপাশি অন্যান্য যেসব দাবিগুলো রয়েছে তা যৌক্তিক। অবিলম্বে তাদের সঙ্গে আলোচনা করে দাবিগুলো মেনে নেয়ার আহবান জানান।
বগুড়ায় কৃষকদের মধ্যে হাহাকার:
বগুড়া অফিস জানায়, বগুড়া সবজির হাটগুলোতে সবজি চাষিদের সবজি নিয়ে আসতে দেখা গেলেও ক্রেতা নেই। পাইকার না থাকায় কমে গেছে সবজির দাম। মহাস্থান হাটের ইজারাদার আলহাজ্ব আজমল হোসেন জানান, সবজি বাজারে আমদানী হলেও পাইকাররা কিনছে না। কিছু কিছু কিনলেও দাম কম বলছে। ক্ষতিগ্রস্ত শুধু কৃষকই হচ্ছে না হাট ইজারা নিয়েও নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। মহাস্থান হাটের শাহ সুলতান ট্রেডার্সের মালিক বাবু মিয়া জানান, পণ্যবাহী পরিবহনের কর্ম বিরতির ফলে পাইকারী ব্যবসায়ীরা মালামাল ক্রয় করছেনা। কাঁচা মাল বেশিদিন আড়তে রাখা যায় না। কাঁচা পণ্য আড়তে পঁচে যাচ্ছে।
বাজারে কাঁচামাল বিক্রি করতে আসা কৃষক আব্দুস সামাদ, করিম মণ্ডল, আছের আলীর সাথে কথা বললে তারা বলেন, দু’দিন আগে ঝিংগা বিক্রি করেছি ২০টাকা কেজি দরে। সোমবার সেই ঝিঙগা বিক্রি হয়েছে ১০ টাকা কেজি।
বগুড়ার মহাস্থান এলাকার সাইদুর রহমান সাজু জানান, সাড়ে ৫ শত টাকার আলু এখন বিক্রি হচ্ছে সাড়ে ৩শ’ টাকায় মণ। ৮শ’ টাকার করলা বিক্রি হচ্ছে ৬শ’ টাকায় মণ, ৮শ’ টাকার কাঁচা মরিচ দাম কমে ৬শ’ টাকা মণে বিক্রি হচ্ছে। গোলজার রহমান জানান, ভালো মানের বেগুণ বিক্রি হয়েছে ৮শ’৫০ থেকে ৯শ’ টাকা এখন সেই বেগুনের দাম কমে বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকা মণ।
রাজশাহীতে বিপাকে মৌসুমি ফল ব্যবসায়ীরা :
স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, পণ্যবাহী ট্রাক রাস্তায় চলাচল না করায় মৌসুমী ফল লিচু এবং আম ক্রয় করে বিপাকে পড়েছেন অনেক ব্যবসায়ী। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৌসুমি ফল নিয়ে যেতে পারছেনা তারা। এতে পচে নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছে ব্যবসায়ীরা। এছাড়া পেট্টোল পাম্পগুলোতে দিন দিন ফুরিয়ে আসছে তেলের মজুদ। ধর্মঘটরত ট্রাক ও ট্যাংকলরি, কার্ভাড ভ্যান মালিক শ্রমিক ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক মোস্তারুল আলম বলেন, মহাসড়কে পুলিশের চাঁদাবাজি, হয়রানিসহ সাত দফা দাবিতে ধর্মঘট চলছে। এছাড়া কোনো উপায়ও নেই। মালিক-শ্রমিক সংগঠনগুলোর পিঠ দেয়ালে ঠেকে গেছে। যার কারণে ধর্মঘট থেকে পিছু হটার সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রংপুরে চালক ও ব্যবসায়ীদের দুর্ভোগ
রংপুর অফিস জানায়, পরিবহন ধর্মঘটের কারণে রংপুর জেলা ট্রাক টার্মিনালে অসংখ্য মাল বোঝাই ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ আটকা পড়েছে। ট্রাক ও পিক-আপ চালকরা যেমন বিপাকে পড়েছেন তেমনি টাকা দিয়ে মালামাল কিনেও তা ব্যবসা প্রতিষ্ঠানে তুলতে পারছেন না ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ঈশ্বরদীতে সড়কে কৃষিপণ্য ফেলে কৃষকের মানববন্ধন
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, পাইকার ও মহাজনেরা স্থানীয় কৃষকের নিকট হতে সবজি ক্রয় না করার প্রতিবাদে ঈশ্বরদীর মুলাডুলী ইউনিয়নের আমতলায় বৃহত্তম সবজি আড়তের সামনে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কে কৃষি পণ্য ফেলে ৩০ মিনিট রাস্তা অবরোধ করে। সোমবার দুপুরে কৃষকদের এই মানব বন্ধনের আয়োজন করে। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির কৃষকেরা।
ইত্তেফাক/নূহু
