অসহনীয় গরমে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং। আর এ লোডশেডিংয়ের প্রতিবাদে সোমবার বিভিন্ন স্থানে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম দিয়েছেন গ্রাহকরা। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, জেলা গণফোরাম সাধারণ সম্পাদক আলিনুর খান বাবুল প্রমুখ।
স্বরূপকাঠি (পিরোজপুর): ৪৮ ঘন্টার মধ্যে বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে জানিয়ে মাইকিং করেছে স্বরূপকাঠির পল্লী বিদ্যুত্ গ্রাহকরা। গ্রাহকরা গত রবিবার উপজেলার ইন্দুরহাট মিয়ারহাট বন্দরে মাইকিং করেছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ২৪ ঘন্টায় ১৫ থেকে ১৬ ঘন্টাই বিদ্যুত্ না পাওয়ার অভিযোগ গ্রাহকদের।
গোয়ালন্দ (রাজবাড়ী): উপজেলাবাসীর ব্যানারে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান উদ্দিন আহমেদ, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ। এদিকে সাধারণ মানুষের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে গোয়ালন্দ পৌরসভা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ গোয়ালন্দ বাজার ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) কার্যালয়ে লোডশেডিংয়ের প্রতিবাদ জানান। এ সময় পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকছেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
