৪ দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। এ বিষয়ে প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ঝিনাইদহ:বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, উত্সব ভাতা ও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবিতে গতকাল সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষক ও কর্মচারীরা তাদের দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন স্বাশিপ জেলা শাখার সভাপতি আসাদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, অধ্যক্ষ শেখ কবিরুল ইসলাম, শিক্ষক নেতা শরিফুল ইসলামসহ স্বাশিপ নেতৃবৃন্দ। বক্তারা, তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
কিশোরগঞ্জ:জেলার বেসরকারি স্কুল-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা গতকাল সোমবার শহরের কালীবাড়ি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। স্বাধীনতা শিক্ষক পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. শহীদুল ইসলাম ভূঞার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য-সচিব অধ্যক্ষ শরীফ সাদী। বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য-সচিব মো. ফখরুল ইসলাম ভূঞা, আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফউদ্দিন, মাওলানা কাজী মো. বুলবুল আহমেদ, অধ্যক্ষ মো. হিলালুদ্দীন, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, রহিমা আক্তার প্রমুখ।
মেহেরপুর:পূর্ণাঙ্গ উত্সব ভাতা, নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিও প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে সোমবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান টিপু।
এ সময় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিগান, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজীম, আর. আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামানসহ জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান।
মাগুরা:মাগুরায় নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি, বৈশাখী ভাতাসহ ৫ দফা দাবিতে গতকাল সোমবার শহরে মানববন্ধন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ আনিসুর রহমান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক রনদা প্রসাদ বিশ্বাস, অধ্যক্ষ সূর্য কান্ত বিশ্বাস, কাবিয়ার রহমানসহ অন্যরা। বক্তারা অবিলম্বে বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উত্সব ভাতা প্রদান, শতকরা ৫ ভাগ প্রবৃদ্ধি, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিওভুক্ত করণসহ জাতীয়করণের দাবি তুলে ধরেন।
যশোর: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সোমবার প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ যশোর জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, সদস্য জেএম ইকবাল হোসেন, অধ্যক্ষ আরিফ হোসেন, প্রদীপ দত্ত, জেলা প্রধান শিক্ষক পরিষদের সভাপতি খায়রুল আনাম, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের আহবায়ক ফারুক হোসেন প্রমুখ।
ইত্তেফাক/নূহু
