পার্বতীপুরে বিজিবির সদস্যের বাড়িতে হামলা, ছয়দিনেও মামলা নেয়নি পুলিশ

আপডেট : ২৩ মে ২০১৭, ১১:৩৭
 
দিনাজপুরের পার্বতীপুরে গভীর রাতে এক বিজিবির সদস্যের বাড়িতে হামলার ঘটনায় ছয়দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। ঘটনার রাতেই একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে থানার ওসি জানান, মামলার প্রস্তুতি চলছে। ছয়দিন পরেও একই কথা বললেন পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ। মামলা না নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত করে দেখা হচ্ছে। মামলা নেব না এরকম কথা আমরা বলছি না।’
 
গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাঁকোয়া পাড়া গ্রামে ওই বিজিবি সদস্যের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। জানা যায়, বসতভিটার মালিকানা নিয়ে বিজিবি সদস্য রাশেদের বাবা আজিজুল ইসলামের সাথে প্রতিবেশি আব্দুল হামিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। পৈত্রিক সূত্রে জমির মালিক আজিজুল ইসলাম হলেও গত কিছুদিন ধরে হামিদ নিজেকে জমির মালিক হিসেবে দাবি করছেন। এ বিষয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। পরে থানা পুলিশের নির্দেশনা নিয়েই বাড়িতে গেট নির্মাণের কাজ শুরু করেন আজিজুল। কিন্তু পুলিশের নির্দেশনাকে অমান্য করে বৃহস্পতিবার গভীর রাতে আব্দুল হামিদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আজিজুলের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তার বাড়ির পাকা প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়।
 
আজিজুল হক জানান, হামলাকারীরা তাদের একটি ঘরে আটকে রেখে বাড়ি থেকে নগদ ১ লাখ ৯০ হাজার টাকাসহ ৩ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটপাট করেছে।
 
এ ব্যাপারে জানতে চাইলে ওই সময় ওসি বলেন, ঘটনাটি জানতে পেরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্ততি চলছে।

ইত্তেফাক/এএম।