ধানমন্ডিতে শিশুর হাতে মাইক্রোবাস, দুর্ঘটনায় আরেক শিশু আহত

আপডেট : ২৩ মে ২০১৭, ১৩:০৩
 
রাজধানীর পথে যেখানে দক্ষ চালকরাও গাড়ি চালাতে হিমশিম খায় সেখানে ১১ বছরের শিশু স্কুলে যায় মাইক্রোবাস হাঁকিয়ে! আজ তেমনই এক শিশু গাড়িচালকের ধাক্কায় আহত হয়েছে ১০ বছরের আরেক শিশু ও তার বাবা।
 
মঙ্গলবার সকাল আটটার দিকে রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির সাত মসজিদ রোডে অবস্থিত ছায়ানটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এই শিশু গাড়িচালককে আটক ও গাড়িটি জব্দ করেছে।
 
আহত ছায়ানটের শিক্ষার্থী নিকিতা মুখার্জিকে (১০) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি ধানমন্ডির শংকরে। আটক শিশু গাড়িচালকের নাম নূর মোহাম্মদ হোসেন। সে ধানমন্ডি একাডেমিয়া স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা আনোয়ার হোসেন একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী। বাড়ি জিগাতলার ৯৬/১/এ মনেশ্বর রোড।
 
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার কাফী মোহাম্মদ আবদুল্লাহ জানান, নূর মোহাম্মদ তার বাবার প্রাইভেটকার নিয়ে স্কুলে যাতায়াত করে। আজ সকাল আটটার দিকে ছায়ানটের সামনে নিকিতা মুখার্জি রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়। ওই সময় সাথে নিকিতার বাবা শংকর মুখার্জিও ছিলেন। তিনিও সামান্য আহত হন। পরে পুলিশ গিয়ে গাড়ির কাগজপত্র তল্লাশি করে দেখে, তাকে আটক করে ধানমন্ডি থানায় নেয়া হয়েছে।
 

ইত্তেফাক/এএম।