অসুস্থতার কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে মঙ্গলবার আদালতে যেতে পারেননি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মামলাটিতে খালেদা জিয়ার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল।
গত ১৫ মে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ইত্তেফাককে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তাই তিনি আজ আদালতে হাজিরা দিতে উপস্থিত হতে পারেননি।
মামলাটি আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে বিচারাধীন ছিল। বর্তমানে উচ্চ আদালতের আদেশে ঢাকার ৫নং বিশেষ জজ আদালতে পরিবর্তন হয়েছে। গত সোমবার বিচারক পরিবর্তন করে আইন মন্ত্রনালয় একটি গেজেটও প্রকাশ করেছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদ।
ইত্তেফাক/এএম।
