চাতলাপুর সীমান্তে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক

আপডেট : ২৩ মে ২০১৭, ১৬:১৩
মৌলভীবাজারের চাতলাপুর সীমান্তে বাংলাদেশ-ভারত এর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলার কুলাউড়া উপজেলাধীন চাতলাপুর চা বাগান বাংলোতে আয়োজিত দু'দেশীয় পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রেখায় অবৈধভাবে অতিক্রম করার বিরুদ্ধে নজরদারি শক্তিশালী করার লক্ষ্যে চুক্তিনামা স্বাক্ষরিত হয়। 
 
এছাড়া বৈঠকে বিজিবি'র পক্ষ হতে দলই নদীর মোকাবিল নামক স্থানে তীর সংরক্ষণমূলক কাজ এবং গাজীমাজার, খোয়াইচর, মোকাবিল ও টেকেরঘাট নামক স্থানের কিছু বিতর্কিত ভূমির বিষয়গুলো তরান্বিত করার জন্য বিএসএফকে পুনরায় অনুরোধ জানানো হয়। 
 
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উপ-মহাপরিচালক কর্নেল মো. আশরাফুল ইসলাম এবং ভারতের পক্ষে বিএসএফ তেলিয়ামুড়া ও পানিসারগর সেক্টরের ডিআইজি যথাক্রমে ববি জোসেফ ও সিন্দু কুমার নেতৃত্ব দেন। এছাড়াও বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়ক ও স্টাফ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/সাব্বির