মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফিলিস্তিন ও ইসরাইলে শান্তি ফিরিয়ে আনতে সবকিছু করতে প্রস্তুত তিনি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করার পরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিস্তিনি নেতা।
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে বিগত তিন বছরের মধ্যে কোনো শান্তি আলোচনা হয়নি। ট্রাম্পও স্বীকার করেন এই দুই পক্ষের মধ্যে শান্তিচুক্তি করা যে কারো জন্য সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি। মঙ্গলবার শেষ হচ্ছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর। গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা ট্রাম্পের ফিলিস্তিন সফরের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনিদের অনশনের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন।
মঙ্গলবার বেথেলহেম সফরে এসে মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের পরে ট্রাম্প বলেন, আমি এখানে এসেছি আশায় সওয়ার হয়ে। আমি ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে একটি শান্তিচুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্য অর্জন করতে সম্ভব সবকিছু করতে প্রস্তুত আমি।
রিয়াদে আরব-ইসলামিক-আমেরিকান সামিটে যোগ দেয়ায় মাহমুদ আব্বাসকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, আব্বাস জঙ্গিবাদ ও বিদ্বেষপ্রসূত মতবাদের বিরুদ্ধে লড়াইয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
