কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে শিশু কাউছার অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে।
জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৩টায় নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে নয়াপাড়া শাল বাগান এলাকায় অভিযান চালিয়ে বি-ব্লকের এমআরসি নং-৬১৩২৫, শেড নং-১০১৪, রোম নং-৫ এর বাসিন্দা আমির হোছনের ছেলে নুরুল আলম (২২) এবং এইচ ব্লকের এমআরসি নং-০৫০৪৭, শেড নং-৬০৪১, রোম নং-৪ এর বাসিন্দা ইউনুছের ছেলে মো. জুবাইরকে (২৩) আটক করেছে।
আটককৃতরা প্রাথমিকভাবে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন বলে অপহৃত শিশুর স্বজনেরা জানায়।
নয়াপাড়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক আব্দুস সালাম জানান, আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে সচেতনমহল আগেই ধারণা করেছিল, টাকার লোভে প্রতিবেশী রোহিঙ্গারাই এই জাতীয় ঘটনায় জড়িত থাকতে পারে।
আরও পড়ুন: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের
উল্লেখ্য, গত ২৭মার্চ দুপুরে প্রতিদিনের মতো খেলতে গিয়েই নিখোঁজ হয়ে যান নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের ৬শ ২৬নং শেডের ১০নং রোমের বাসিন্দা মো. ইয়াছিন প্রকাশ কমিটি ইয়াছিনের ছেলে মো. কাউছার (৪ বছর ৬ মাস)। মঙ্গলবার সাড়ে ১১টায় হ্নীলা স্টেশনে অপহরণকারী চক্রের দাবিকৃত ৫ লাখ মুক্তিপণ দিলেই বিকাল সাড়ে ৩টায় অপহৃত শিশুকে সিএনজি যোগে মা-বাবার নিকট পাঠিয়ে দেয়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে নয়াপাড়া ক্যাম্প পুলিশ ফিরে আসা শিশু ও বহনকারী সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইত্তেফাক/কেকে
