দর্শনা কেরুজ হাই স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে দিনমজুর ইসলামুল হক। কিন্তু এত ভালো ফলাফল অর্জন করার পরও অর্থ সংকটে তার লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দর্শনার পার্শ্ববর্তী উজলপুর গ্রামের দিনমজুর মজিবুর রহমানের ছেলে ইসলামুল হক বাবার সঙ্গে পরের জমিতে দিনমজুরের কাজ করেও পড়াশোনা চালিয়ে আসছে। ইসলামুল পিইসি-জেএসসিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। ইসলামুল জানান, আমার ইচ্ছা ডাক্তার হওয়ার। কিন্তু বাবা-মায়ের সাধ্য নেই। কি করবো ভেবে পাচ্ছি না। সাংবাদিকদের উদ্দেশ্য করে ইসলামুল বলেন ভাই আপনারা শুধু ছবিই তোলেন, বিভিন্ন কথা জিজ্ঞাসা করেন। কিন্তু আপনারা কি আমার কোনো সহযোগিতা করতে পারেন- এ কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে সে।
ইসলামুলের এই আকুতি শুনে হূদয়বান কোনো ব্যক্তি যদি সহযোগিতার হাত বাড়ান তাহলে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হবে। সেই সঙ্গে পূরণ হবে তার ইচ্ছা।
ইত্তেফাক/নূহু
