রমজানে প্রতিদিন মোবাইল কোর্টের অভিযান চলবে

আপডেট : ২৪ মে ২০১৭, ০৮:৪০
 
রমজান মাস জুড়ে প্রতিদিন মোবাইল কোর্টের অভিযান চলবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পবিত্র রমজান মাস উপলক্ষে নিজ প্রয়োজনীয় খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইর কার্যক্রম অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
তিনি জানান, আকস্মিকভাবে পরিচালিত অভিযানগুলোতে বিশেষ করে রোজাদারগণ সচরাচর যেসকল খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন, যেমন মুড়ি, কলা, খেজুর, আম, সফ্ট ড্রিংক পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ফ্রুট সিরাপ, ফ্রুট জুস, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডুলস, ইনস্ট্যান্ট নুডুলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট ইত্যাদির ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে। ঢাকা মহানগরীর বাইরে কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, ধামরাই উপজেলাসহ বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্টের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
 
মন্ত্রী জানান, ইতোমধ্যে ইফ্তার ও সেহিরতে অধিক পরিমাণে ব্যবহূত ২৪৯টি পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবে পরীক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিস প্রেরণ করা হচ্ছে। যেসব পানির কারখানা অবৈধভাবে ড্রিংকিং ওয়াটারের নামে পানি বাজারজাত করছে, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
তিনি জানান, বিগত বছরগুলোতে বিএসটিআই’র নিরবচ্ছিন্ন অভিযানের ফলে দেশে ফলমূলে ফরমালিনের ব্যবহার অনেকাংশে কমে এসেছে। এছাড়া জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরায় মৌসুমি ফল আম এবং লিচুতে ফরমালিনরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর