নেত্রকোনায় ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

আপডেট : ২৪ মে ২০১৭, ১১:৪৬
 
নেত্রকোনার পূর্বধলায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে বাবুল মিয়া (৩৫) নামের এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শালদিঘা  গ্রামের মৃত মিরাশ উদ্দিনের ছেলে।
 
মঙ্গলবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নমিতা দে’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত গত এ দণ্ডাদেশ প্রদান করেন।
 
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত বখাটে বাবুল বেশ কিছুদিন যাবত উপজেলার তালিমাত-ই-ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে রাস্তায় উত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিকার চেয়ে ছাত্রীটির বাবা গত ১৮ মে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও ২০ মে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন তাকে হাতেনাতে ধরার জন্য ওতপেতে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বখাটে বাবুল তাকে উত্যক্ত করলে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত অভিযুক্ত বাবুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর