কুমিল্লায় বিএনপির কর্মী সম্মেলন পুলিশী বাধায় পণ্ড

আপডেট : ২৪ মে ২০১৭, ১২:২৪
 
নিজ বাসায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির কর্মী সভার আয়োজন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি মো. খোরশেদ আলম। বুধবার সকালে ওই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপি সহ-সভাপতি আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত থাকার কথা ছিল।
 
সকাল থেকে সভায় যোগ দিতে আসেন বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। সকাল ৯টায় ওই সম্মেলন স্থল থেকে মাত্র ৫০গজ দূরত্বে পথসভা শুরু করে ছাত্রলীগ। এর আগে সকাল পৌনে ৮টায় সভাস্থল থেকে ৫শ গজ দূরত্বে ককটেল বিস্ফোরণের ঘটানো হয়।
 
সকাল সাড়ে ৯টায় সভা স্থলে এসে সভার অনুমতি না থাকায় বন্ধ করার নির্দেশ দেন চান্দিনা থানা পুলিশ। সভা বন্ধে সভাস্থলে আসেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মহিদুল ইসলাম, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ সহ চান্দিনা থানা পুলিশ।
 
কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি মো. খোরশেদ আলম জানান, পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে আমি আমার নিজ বাসায় এবং সীমানা প্রাচীরের মধ্যেই সভার আয়োজন করি। সকাল থেকে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা আসতে শুরু করে।এমন সময় আমাদের সভা পণ্ড করার লক্ষ্যে ছাত্রলীগের ছেলেদের দিয়ে রাস্তার সামনে পথসভার আয়োজন করে। আর পুলিশ অনুমতির অজুহাতে আমাদের সভা বন্ধ করে দেয়।
 
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, যেখানে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ আসবে এবং তাদেরকে নিয়ে সভার আয়োজন করার পূর্বে কোন অনুমতি চেয়ে আবেদন করেনি তারা। জেলা প্রশাসন ও থানা পুলিশের কোন অনুমতি না থাকায় এবং পাশাপাশি দুইটি দলের সভা আহবানে নিরাপত্তার স্বার্থে উভয় সভা বন্ধ করা হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর