চাঁপাইনবাবগঞ্জে ৪ বাড়িতে অভিযান, ৩ জঙ্গি গ্রেফতার

আপডেট : ২৪ মে ২০১৭, ১৫:২৯
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন গ্রামে আজ বুধবার ভোরে জঙ্গি আস্তানা সন্দেহে কয়েকটি বাড়ি ঘিরে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় পিস্তল, গুলি, ম্যাগজিন, গান পাউডার উদ্ধার করা হয়।
 
অভিযান শেষে শুকুর উদ্দিনের বাড়ির সামনে বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৫’র অধিনায়ক কর্নেল মাবুবুল আলম এক প্রেস ব্রিফিংয়ে অভিযান সমাপ্তির ঘোষণা দেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, জঙ্গি  আস্তানা সন্দেহে বুধবার ভোর ৪টার দিকে জেলার নাচোল উপজেলার চাঁদপাড়া গ্রামের আবদুল মজিদের (৪৩) বাড়ি, ফুরশেদপুর গ্রামের আবজাল হোসেনের বাড়ি, গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামের এজাবুল হকের বাড়ি ও শিমুলতলা গ্রামের শুকুর উদ্দিনের বাড়ি ঘিরে অভিযান চালায় র‌্যাব। IMG0
 
তিনি আরও জানান, বুধবার ভোর ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া থেকে তিনজনকে আটক করা হয়। তারা নব্য জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের সদস্য। তাদের নাশকতার পরিকল্পনা ছিল বলে র‌্যাব জানতে পেরেছে। গ্রেফতারকৃতরা হলেন- নাচোল উপজেলার বালুগ্রামের আবদুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), মফিজুদ্দিনের ছেলে আবদুস শুকুর ওরফে শুকুদ্দি (৩৩) ও গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামের টুগু মোড়লের ছেলে সাইফুল আলম (৪৩)। 
IMG1
র‌্যাব অধিনায়ক মাবুবুল আলম আরও জানান, আটককৃতদের কাছে তথ্য পেয়ে চার বাড়িতে অভিযান চালানো হয়। নাচোলের চাঁদপাড়া গ্রামের আবদুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। গোমস্তাপুর উপজেলার শিমুলতলা গ্রামে শুকুর উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ১টি খেলনা পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড পিস্তলের গুলি, ১টি থ্রিনট থ্রি রাইলের গুলি, ১টি শুটারগান ও প্রায় ৩ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে শুকুর ২০১২ সালের একটি হত্যা মামলার আসামি। সালমান নামে এক জেএমবি সদস্য অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে খুন হলে সে মামলায় শুকুরকে আসামি করা হয় বলে র‌্যাব অধিনায়ক মাহবুব আলম জানান।
 
 
ইত্তেফাক/এএম/এমআই