শেরপুরে মাদকসহ গ্রেফতার ২

আপডেট : ২৪ মে ২০১৭, ১৪:৩৬
 
বগুড়ার শেরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ গ্রাম হেরোইনসহ দীপু পোদ্দার (৪২) ও ১৫০ বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদক চোরাকারবারী আজাদকে (২৫) গ্রেফতার করেছে। 
 
শেরপুর থানার এসআই শামছুজ্জোহা জানান, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ মে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে শেরপুর শহরের পোদ্দার পাড়া এলাকার মৃত অব্দুর রউফ পোদ্দারের ছেলে দীপু পোদ্দারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইনসহ দীপু পোদ্দারকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপুর স্ত্রী লাকী বেগম (৩৮) ও দীপুর সহযোগী বগুড়ার নামাজ গড় এলাকার আফসার আলীর ছেলে রজব সরদার (৩৪) পালিয়ে যান।
 
অপর দিকে, বুধবার সকাল সাড়ে ৮টায় শহরের নবমী সিনেমা হলের সামনে থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বাজিতপুর গ্রামের রেজাউল করিম রেজার ছেলে মো. আজাদ আলীকে (২৫) গ্রেফতার করে পুলিশ। এসময় তার সহযোগী একই এলাকার বিপ্লব ওরফে রুবেল (৩৫) পালিয়ে যান। এ বিষয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে