নেদারল্যান্ডের ওয়াখেনিংগেন বিশ্ববিদ্যালয়ে ‘টেকসই ডেল্টা’ শীর্ষক সেমিনারে মূল বক্তা হিসেবে রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল সুরক্ষিত ডেল্টা বিনির্মাণে বাংলাদেশের প্রত্যয়ের উপর আলোকপাত করেন। সোমবার পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ডেল্টা সমূহের সুরক্ষার্থে প্রাতিষ্ঠানিক গবেষণা এবং আরোহিত জ্ঞানের আরও অধিক বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রদূত বেলাল।
উপস্থিত শ্রোতাবৃন্দকে আগামী ২৮-৩০ জুলাই ২০১৭ ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পানি সম্মেলন আয়োজনের মাধ্যমে এ বিষয়ে বাংলাদেশের অবদান তুলে ধরেন।
রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল তাঁর মূল বক্তব্যে ডেল্টা সমূহের বিপন্ন অবস্থা যেমন দ্রুত নগরায়ন, ভূমি ব্যবস্থাপনার পরিবর্তন, পরিবর্ধন এবং ডেল্টা সমূহের সুসংহত উন্নয়নে জরুরী এবং সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর গবেষক এবং পেশাজীবীদের দৃষ্টি আকর্ষণ করেন।
রাষ্ট্রদূত বেলাল দু’টি বদ্বীপ দেশের – বাংলাদেশ এবং নেদারল্যান্ড - মধ্যে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন এবং বিদ্যমান সহযোগিতার বিষয়ে বিশদ আলোচনা করেন যার মধ্যে উল্লেখযোগ্য হল নেদারল্যান্ডের কারিগরি সহযোগিতায় বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন এবং এ বিষয়ে যথাযথ গবেষণা এবং জ্ঞানের উপযুক্ত বিনিময়/ব্যবহারের মাধ্যমে ডেল্টা অববাহিকা উন্নয়নে আহ্বান জানান।
জাতিসংঘের পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য হিসেবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা এবং পানিকে ভবিষ্যৎ উন্নয়নের অবশ্যম্ভাবী কারিগর হিসেবে বিবেচনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাঁর আহ্বানের উপর আলোকপাত করে রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল গবেষকদের চিন্তা-ভাবনাকে এসডিজি’র সাথে সমন্বয়ের আহ্বান জানান। ড. কিং জুনিয়র-এর বক্তব্য উল্লেখ করে রাষ্ট্রদূত বেলাল বলেন যে আমরা সকলেই বাধ্য “একই বুননের গন্তব্যে” ধাবমান হতে এবং একত্রে কাজ করা আমাদের সমন্বিত দায়িত্ব কেননা “আমরা পারস্পরিক যোগাযোগের এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ”।
ডেল্টা কোয়ালিশনের, নেদারল্যান্ডসহ ১২টি ডেল্টা রাষ্ট্র যার সদস্য, বর্তমান সভাপতি হিসেবে ডেল্টা বিষয়ক জ্ঞানের উন্নয়নে বাংলাদেশের অবদান তুলে ধরে রাষ্ট্রদূত বেলাল আগামী ২৮-৩০ জুলাই ২০১৭ তারিখে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক পানি সম্মেলনের বিভিন্ন উদ্দেশ্যের উপর আলোকপাত করেন। রাষ্ট্রদূত বেলাল আরও অবহিত করেন যে, এই সম্মেলন মন্ত্রী পর্যায়ের ডেল্টা কোয়ালিশন সম্মেলন এবং আঞ্চলিক পানি বিষয়ক সম্মেলনকে একসূত্রে গ্রথিত করবে যেখানে দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, এশিয়া প্যাসিফিক এবং ডেল্টা কোয়ালিশনের সদস্য রাষ্ট্রসমূহ অংশগ্রহণ করবে।
সেমিনারটি যৌথভাবে ওয়াখেনিংগেন বিশ্ববিদ্যালয়, যা বিজ্ঞান ও কৃষি গবেষণা ক্ষেত্রে নেদারল্যান্ডের প্রধান বিশ্ববিদ্যালয়, এবং ডেল্টা অ্যালায়েন্স (জ্ঞান বিষয়ক নেটওয়ার্ক) ওয়াখেনিংগেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করে। সেমিনারটিতে নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, নেদারল্যান্ডের শীর্ষ পর্যায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/গবেষক এবং অন্যান্য গবেষণাধর্মী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ছাত্ররা অংশগ্রহণ করেন।
ওয়াখেনিংগেন বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি গবেষণা পরিচালক ব্রাম দে ভস ডেল্টা বিষয়ক সমস্যা এবং তার সমাধানের উপর একটি সুন্দর গঠনমূলক আলোচনার জন্য অংশগ্রহণকারীদের স্বাগত জানান। ডেল্টা অ্যালায়েন্সের পরিচালক রেন্সকে পিটারস এবং ওয়াখেনিংগেন বিশ্ববিদ্যালয়ের ঢাকা কার্যালয়ের পরিচালক মিস ক্যাথারিন টারভাইস্কাও সেমিনারে বক্তব্য রাখেন।
ইত্তেফাক/সাব্বির
