খুলনায় তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মোৎসব শুরু হয়েছে। বুধবার সকালে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উৎসব শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আমিন উল আহসান বলেন, 'কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সকলের কবি, মানবতা ও সাম্যের কবি। কবি নজরুল মানুষের কথা ও মানবতার কথা বলতেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের প্রতীক। শুধু বাংলা সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যেও তিনি ছিলেন বিস্ময়কর প্রতিভা।'
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. হাবিবুল হক খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব এবং উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নজরুল জন্মোৎসব উদযাপন কমিটির সম্পাদক মো. গিয়াস উদ্দিন। স্বাগত বক্তৃতা করেন নজরুল জন্মোৎসব উদযাপন কমিটি যুগ্ম সম্পাদক মাসুদ মাহমুদ। খুলনা জেলা প্রশাসন ও নজরুল জন্মোৎসব উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, বুধবার প্রথম দিন নজরুল সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের প্রায় তিনশ' শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
ইত্তেফাক/জামান
