গাজীপুরে অপহৃত উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট : ২৪ মে ২০১৭, ১৯:১১
 
গাজীপুর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত এক ভিকটিম উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। অপহৃত ভিকটিম হলেন- হাজী মো. আলমগীর হোসেন। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার ডা. আবু রাশারের ছেলে।
 
আটককৃতরা হলো- টঙ্গীর নোয়াগাঁও এলাকার মো. শফি আহাম্মেদ (৩৭), টঙ্গীর আরিচপুর (গাজীবাড়ীর টেক) এলাকার  স্বপন ইসলাম (৩২) এবং একই এলাকার মো. জাচ্চু মোল্লা (৪২)। পুলিশ সুপার জানান, টঙ্গীর বিসিক লিলিফুড মোড় হতে সোমবার রাতে ওই আসামীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসামীদের ব্যবহৃত প্রাইভেটকারে ভিকটিম হাজী মো. আলমগীর হোসেনকে অপহরণ করে এবং বিভিন্নস্থানে ওই গাড়িতে করে ঘুরাইতে থাকে।
 
এ সময় অপহরণকারীরা ভিকটিমের নিকট পাঁচ লাখ টাকা দাবী করে। খবর পেয়ে গাজীপুর ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরর তিন সড়ক মোড় এলাকার রাস্তার পাশ থেকে অপহৃতকে উদ্ধার এবং ওই তিন অপহরণকারীকে গ্রেফতার করে। এ সময় পুলিশ আসামীদের নিকট হতে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং দুটি চাপাতি, দুটি ছোরা ও রশি উদ্ধার এবং প্রাইভেটকার জব্দ করে।তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় মাদক, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এই ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
 
ইত্তেফাক/জামান