সাতক্ষীরার শ্যামনগরের একটি মাদ্রাসায় পরীক্ষার হলে বিষক্রিয়ায় ১২ ছাত্রী অসুস্থ হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক হলেন, গাবুরা গ্রামের কাদের গাজীর ছেলে সবুজ গাজী ও একই গ্রামের মুজিবর গাজীর ছেলে মফিজুল গাজী। পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার শুরুর আগে কোন এক সময় আটক দুই যুবক শিক্ষার্থীদের বসার বেঞ্চের উপর বিষ জাতীয় পদার্থ (দয়ার গুড়া ) দিয়ে আসে।
এরপর বুধবার সকাল ১০টার দিকে পরীক্ষা শুরু হওয়ার আগে ওই বেঞ্চের উপর বসে পড়ে শিক্ষার্থীরা। এরপর একেএকে ১২ শিক্ষার্থী তাদের শরীরে চুলকাতে চুলকাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই যুবককে আটক করে।
শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই যুবককে ভ্রমমাণ আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জামান
