কুমিল্লা কারাগারে নয় বছর ধরে আটক চার বন্দিকে আদালতে হাজিরার নির্দেশ

আপডেট : ২৪ মে ২০১৭, ২১:৫০
মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার কারণে নয় বছর ধরে কুমিল্লা কারাগারে আটক চার বন্দিকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২ জুলাই তাদেরকে আদালতে হাজির করতে কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি এ সংক্রান্ত মামলার নথিও তলব করেছে আদালত। 
 
বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি এসএম মজিবুর রমানের ডিভিশন বেঞ্চ বুধবার স্বতপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। 
 
পৃথক পৃথক হত্যা মামলায় কুমিল্লার লাঙ্গলকোটের শেখ মো. ফরিদ (১৭), চৌদ্দগ্রামের ছালে আহাম্মদ ওরফে কালু (২৬), দাউদকান্দির লাল চান স্বর্ণকার (২২) ও দেবিদ্বারের আব্দুল হান্নান খান (২৬) ২০০৮ সালের বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে যান। তাদের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম, দাউদকান্দি ও দেবিদ্বার থানায় এসব মামলা করা হয়। কিন্তু ওই সব মামলায় গত নয় বছরে তাদের জামিন মেলেনি। নিষ্পত্তি হয়নি তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলারও। এসব মামলা কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। এসব বন্দিদের বিষয়টি জানতে পেয়ে তাদের মুক্তির বিষয়ে আইনি পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি। কমিটির পক্ষে আইনজীবী মিন্টু কুমার মন্ডল বন্দিদের সকল তথ্য আদালতে উপস্থাপন করে জামিন প্রার্থনা করেন। আদালত প্রাথমিক শুনানি নিয়ে বন্দিদের আদালতে হাজির ও মামলার নথি তলবের নির্দেশ দেন। 
 
ইত্তেফাক/এমআই