সাংবাদিক শিমুল হত্যা মামলায় জামিন পাননি মেয়র মিরু

আপডেট : ২৪ মে ২০১৭, ২১:৫৪
সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি মেয়র হালিমুল হক মিরুকে জামিন দেয়নি হাইকোর্ট। তার জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত। 
 
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। 
 
গত ১৫ মে মিরুর জামিন প্রশ্নে রুল জারি করেছিলো হাইকোর্ট। বুধবার ওই রুলের ওপর আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদালত জামিন দিতে অপরাগতা প্রকাশ করলে মিরুর আইনজীবী শম রেজাউল করিম আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আবেদন জানান। এরপরই আদালত উপরোক্ত আদেশ দেয়। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ। 
 
গত ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়রের পক্ষের লোকজনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের সংঘর্ষ হয়। ওই ঘটনায় খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন তিনি মারা যান। এ ঘটনায় করা মামলায় মিরু অন্যতম প্রধান আসামি। গত ২ মে এই হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এতে বলা হয়, মেয়র মিরুর শটগানের গুলিতেই শিমুলের মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/এমআই