নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

আপডেট : ২৫ মে ২০১৭, ১৫:৩৯
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মোফাজ্জেল হোসেন (৫০) নিহত হয়েছেন।
 
 
বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।
 
 
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত ২৩ মে নড়াইলের পেড়লী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ জারজিদ মোল্যা চেয়ারম্যান পদে বিজয়ী হন। এরপর বৃহস্পতিবার সকালে পেড়লীর মহসিন মোড় এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থকেরা নৌকার প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় পাঁচজন আহত হন। পরে নৌকার সমর্থকেরা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মোফাজ্জেল হোসেন, তার ছেলে সাদ্দাম ও ভাই শামীমসহ ১০জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে মোফাজ্জেল হোসেন মারা যান। আহতদের খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
 
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গণি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নড়াইলের সহকারি পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ৬জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ