বগুড়ার শিবগঞ্জে স্ত্রীকে মারপিট করে ঘরের মেঝেতে জীবন্ত কবর দেয়ার চেষ্টার অভিযোগে স্বামী সাদ্দাম হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম রুপম জানান, ওই গ্রামের আজিজার রহমানের কন্যা সার্জিনা খাতুনকে তিন বছর আগে একই ইউনিয়নের উত্তর কেষ্টপুর গ্রামের হযরত আলীর ছেলে সাদ্দাম হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে মঙ্গলবার সকালে সাদ্দাম তার স্ত্রী সার্জিনাকে মারপিট করে।
এক পর্যায়ে সাদ্দাম নিজেই তার শয়ন ঘরের মেঝেতে কবর খোঁড়ে এবং সার্জিনাকে জোর করে মাটি চাপা দেয়ার চেষ্টা করে। সার্জিনার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সার্জিনাকে নিয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মামুদ খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সার্জিনাকে উদ্ধার করে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় স্বামী সাদ্দাম হোসেন ও তার মায়ের বিরুদ্ধে মেয়ের বাবা আজিজার রহমান মামলা দায়ের করেন। পুলিশ সাদ্দামকে গ্রেফতার করলেও তার মা পলাতক রয়েছেন।
সার্জিনার বাবা আজিজার রহমান জানান, ৬ষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় সার্জিনাকে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই সাদ্দাম যৌতুক দাবি করে আসছিল এবং যৌতুকের দাবিতে প্রায় মেয়েকে মারপিট করতো।
ইত্তেফাক/জামান
