দুর্ঘটনা থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রক্ষা পাওয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের স্বস্তি প্রকাশ

আপডেট : ২৫ মে ২০১৭, ২১:৩৩
অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস। মহারাষ্ট্রের লাতুর জেলার নীলাঙ্গায় গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। ওই হেলিকপ্টারে দেবেন্দ্র ফাদনাভিস-সহ মোট ছয় জন ছিলেন। মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ বাংলাদেশ সরকারের পক্ষে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া মুখ্যমন্ত্রীর খোঁজ-খবর নেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিজেপির কৃষক সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দিতে নীলাঙ্গায় গিয়েছিলেন তিনি। সেখানেই নামার সময় তারে বেঁধে গিয়ে পাখা ভেঙ্গে যায় হেলিকপ্টারটির। পরে মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, লাতুরে আমাদের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে, কিন্তু আমি ও আমার দলের সবাই নিরাপদ ও অক্ষত আছি। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রসঙ্গত, গত সপ্তাহেও হেলিকপ্টার সংক্রান্ত জটিলতায় পড়েছিলেন মহারাষ্ট্রের এই মুখ্যমন্ত্রী। রাজ্যের গাদচিরোলি জেলা থেকে ফেরার সময় হেলিকপ্টারে জটিলতা দেখা দেওয়ায় মাও বিদ্রোহী অধ্যুষিত এলাকার মধ্য দিয়ে গাড়িযোগে ফিরতে বাধ্য হয়েছিলেন তিনি।
IMG0
ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, ডেপুটি হাইকমিশনার কার্ড ও ফুল পাঠিয়ে মুখ্যমন্ত্রী অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর স্ত্রী অমরুতা ফাদনাভিসের সঙ্গেও যোগাযোগ করেন তিনি।
 
ইত্তেফাক/রেজা