নারায়ণগঞ্জ বন্দরে পুলিশ সোর্স আনিস (৩০) খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বন্দরের সাবদী বাজারের কালী মন্দিরে পাঁচ/ছয়জন সন্ত্রাসী তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত পুলিশ সোর্স বন্দরের সাবদী কলাবাগ এলাকার হাজী আমান উদ্দিন মিয়ার ছেলে। তাকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা করে। নিহতের ভাই জামান জানান, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জেলে থাকা খান মাসুদের সন্ত্রাসী গ্রুপ আনিসকে হত্যা করে। কারণ খান মাসুদকে অস্ত্রসহ র্যাব গ্রেফতার করে। খান মাসুদকে গ্রেফতারের পিছনে আনিসের হাত রয়েছে ধারণা করেই খান মাসুদকে সন্ত্রাসীরা তাকে খুন করেছে।
এ ব্যাপারে মন্দিরের পুরোহিতসহ প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ নামের এক যুবক হাতে ধারালো অস্ত্র নিয়ে পালিয়ে যেতে দেখেছে। কে এই পারভেজ তার কোন হদিস পুলিশ পায়নি। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। খুনিদের গ্রেফতার অভিযান শুরু করা হয়েছে।
ইত্তেফাক/জামান
