সাতক্ষীরায় নিজ শটগানের গুলিতে পুলিশের মৃত্যু

আপডেট : ২৫ মে ২০১৭, ২২:৫৩
 
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ অভিযান শেষে ফিরে আসার সময় রায়নগর পুলিশ ফাঁড়ির এক কনস্টেবলের নিজ শটগানের গুলিতে মৃত্যু হয়েছে। নিহতের নাম মিয়ারাজ হোসেন (৩২)।
 
বনদস্যুদের কবল থেকে অপহৃত জেলেদের উদ্ধার করে ফেরার পথে কৈখালী ফরেস্ট ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কনস্টেবল মিয়ারাজের বাড়ি রাজশাহী জেলায়।
 
রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মন্টু কুমার দাশ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের বসুখালী খালে অভিযানে যায় বিজিবি ও নৌ পুলিশের সদস্যদের নিয়ে গঠিত যৌথ বাহিনীর একটি দল। সেখান থেকে বনদস্যুদের কবল থেকে একটি নৌকা ও চারজন জেলেকে উদ্ধার করে সন্ধ্যায় ফিরে আসেন তারা।
 
উদ্ধারকৃতদের কৈখালী ফরেস্ট অফিসে সোপর্দ করে ফেরার পথে ট্রলারে উঠছিলেন কনস্টেবল মিয়ারাজ। এ সময় নিজের শটগানের উপর ভর করে উপরে উঠছিলেন তিনি। হঠাৎ তার শটগান থেকে গুলি বের হয়ে বুকের বাঁপাশে গুলি বিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শ্যামনগর থানার এস আই লিটন ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান