আগৈলঝাড়ায় এলজিইডি’র ভাঙা ব্রিজের কারণে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিনেও এটি সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট এলজিইডি বিভাগ।
ভুক্তভোগী স্থানীয়রা জানান, উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা থেকে ভদ্রপাড়া সড়কের বড়ইতলায় এলজিইডির অর্থায়নে নির্মিত আয়রন স্ট্রাকচার ব্রিজের মাঝ বরাবর দুটি স্থান ভেঙে পড়ে যায়। ফলে দীর্ঘদিন যাবত্ ওই ব্রিজ দিয়ে সকল প্রকার ছোট যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। স্থানীয়রা ব্রিজের ভাঙা স্থানে কাঠের পাটাতন দিয়ে পায়ে হেঁটে চলাচলের জন্য ব্যবস্থা রেখেছে।
ঝুঁকি নিয়ে প্রতিদিন গৈলা, নাঘার, মোল্লাপাড়া, ভদ্রপাড়া গ্রামের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করছে। রাতে ওই ব্রিজ দিয়ে চলাচল করার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এলাকার ভুক্তভোগীরা গুরুত্বপূর্ণ ওই ব্রিজটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের জন্য এলজিইডি বিভাগে ধর্ণা দিলেও কোনো কাজে আসেনি।
উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, ওই সড়কে তিনটি আয়রন স্ট্রাকচার ব্রিজ রয়েছে। ওই তিনটি ব্রিজ ভেঙে নতুন করে আরসিসি ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগিরই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।
ইত্তেফাক/নূহু
