ধর্মীয় নেতাদের রক্তচক্ষুর মুখে পোশাক পোড়ালেন আফগান গায়িকা

আপডেট : ২৬ মে ২০১৭, ১২:০৬
আফগানিস্তানে ধর্মীয় নেতাদের রক্তচক্ষুর মুখে পোশাক পুড়িয়ে ফেসবুকে দিয়েছেন এক গায়িকা। প্যারিসে গত ১৩ই মে এক কনসার্টে শরীর-রঙা আঁটসাঁট পোশাক পরে গান করেছিলেন আফগান গায়িকা এবং টিভি ব্যক্তিত্ব আরিয়ানা সাঈদ। তারপর শুরু হয়ে যায় সমালোচনা আর নিন্দা।
 
বিশেষ করে আফগান ধর্মীয় নেতারা তার পোশাক নিয়ে উঠেপড়ে লাগেন। তারা বলেন, আরিয়ানার পোশাক অনৈসলামিক এবং আফগান সংস্কৃতির বিরোধী। অবশেষে সমালোচনার মুখে তার সেই পোশাকটি পুড়িয়ে দেন আরিয়ানা। তারপর পোড়ানোর ভিডিও ফুটেজ তার ফেসবুক পাতায় পোস্ট করেন।
 
তবে পোশাক পুড়িয়ে দিলেও ক্ষোভ চেপে রাখতে পারেননি এই শিল্পী। ফেসবুকে ১৬ লাখ ফলোয়ারকে লক্ষ্য করে তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আপনারা যদি মনে করেন আফগানিস্তানের একমাত্র সমস্যা পোশাক, তাহলে আমি তা পুড়িয়ে দিচ্ছি।’
 
জানা গেছে, আরিয়ানা সাঈদ আফগানিস্তানে খুবই জনপ্রিয়। তিনি নিজেই গান লিখে তা গান। কাবুলে টোলো টিভিতে তিনি সঙ্গীত প্রতিভা খোঁজার একটি অনুষ্ঠানের বিচারকও।
 
পোশাক পোড়ানোর এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত বিভক্ত হয়ে পড়েছে। তার ফেসবুকে একজন লিখেছেন, ‘আমরা জানি নারীর নগ্নতা ইসলামে নিষিদ্ধ, তিনি ভুল করেছিলেন।’
 
তবে আরিয়ানার পক্ষ নিয়েও পোস্ট দিচ্ছেন অনেকে। ‘তার বরঞ্চ উচিৎ ছিলো সমালোচকদের মুখে আগুন দেওয়া’ লিখেছেন একজন।
আরিয়ানা সাঈদ লিখেছেন, ‘আমি বলতে চাই অন্ধকার যুগে যাদের বসবাস তাদের চাপে আমি এ কাজ করিনি, আমি শুধু আমাদের সমাজের প্রধান ইস্যুগুলোতে মানুষের সচেতনতা বাড়াতে চেয়েছি।’ বিবিসি।
 
ইত্তেফাক/সেতু