‘সমান অধিকার ভোগের ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার’

আপডেট : ২৬ মে ২০১৭, ১৯:০৬
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ ভোগ করার ব্যবস্থা নিশ্চিত করেছেন। 
 
আজ শুক্রবার আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা, সুবর্ণ নাগরিকদের মাঝে পরিচয়পত্র প্রদান এবং আটঘরিয়া উপজেলাধীন ক্ষুদ্র জাতিস্বত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, এদেশে অতীতে নূরুল আমিন সরকার, ইয়াহিয়া সরকার, জিয়া সরকারসহ অনেক সরকার প্রধান দেশ পরিচালনা করেছেন, কিন্তু শেখ হাসিনার মতো করে বয়স্ক, বিধবা, পঙ্গু, স্বামী পরিত্যক্তাদের কথা আগে কোনো সরকারই ভাবেননি।
 
মন্ত্রী বলেন, একমাত্র শেখ হাসিনা এ শ্রেণির মানুষের দুঃখ, দুর্দশা বুঝতে পেরেছিলেন এবং তাঁর সরকারই গরীব, দুঃখী ও দুঃস্থদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কারণেই দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। দেশের প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো, রাস্তাঘাট সংস্কার, পাকা রাস্তা দিয়ে এলাকার মানুষজনের চলাচলের সুবিধা করে দেয়া এ সরকারের অঙ্গীকার ছিল। সরকার তা পালন করে চলেছে।
 
ইত্তেফাক/এমআই