পূর্ব সুন্দরবনের নাংলী এলাকায় আবারো আগুন

আপডেট : ২৬ মে ২০১৭, ১৭:০৯
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী এলাকার বনাঞ্চলে আগুন লেগেছে। শুক্রবার সকাল ৯টার দিকে আগুন লাগে।
 
প্রচণ্ড তাপদাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে চারদিকে। বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে চালাচ্ছেন স্থানীয় প্রশাসন, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ধানসাগর স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির।
 
মো. হুমায়ুন কবির জানান, ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্পের ‘মাদ্রাসার ছিলা ’এলাকায় শুক্রবার সকালে আগুন লাগে। দুপুর পর্যন্ত বনের প্রায় দুই একর জায়গা নিয়ে আগুন দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণের জন্য চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে। শরণখোলা ও মোড়েলগঞ্জের দুই ইউনিট আগুন নিভানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। এ ছাড়া স্থানীয় শতাধিক লোকজন আগুন নিভানোর কাজে বন বিভাগ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তা করছেন। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. আলিফ রেজা, চাদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদীজ্জামান ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছেন।
 
খুলনার বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী ইত্তেফাককে জানান, ফায়ার লাইন কেটে পানি ভর্তি করে আগুন যাতে ছড়াতে না পারে তার ব্যবস্থা নেয়া হয়েছে। পূর্ব সুন্দরবনের ডিএফও সাইদুল ইসলাম ঘটনাস্থলে গেছেন। এ পর্যন্ত এক একর এলাকায় আগুন রয়েছে। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
 
তিনি আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে আসা মাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করবেন। তদন্ত কমিটিই খুঁজে বের করবে কিভাগে আগুনের সূত্রপাত।
 
এর আগে গত বছরের ২৮ মার্চ থেকে শুরু করে কয়েক দফায় নাংলী ক্যাম্পের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা নাশকামূলকভাবে সংঘটিত হয়েছিল বলে একাধিক তদন্ত কমিটি প্রকাশ করে।
 
ইত্তেফাক/ইউবি