মিশরে বাসে গুলি চালিয়ে ২৩জনকে হত্যা

আপডেট : ২৭ মে ২০১৭, ০৯:৪৩
 
মিশরে কপ্টিক খ্রিস্টানদের বহন করা একটি বাসে বন্দুকধারীরা গুলি চালিয়ে কমপক্ষে ২৩জনকে হত্যা করেছে। এতে আরও অন্তত ২৫জন গুলিবিদ্ধ হয়েছেন। মিশরের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে বিবিসি শুক্রবার এ খবর প্রকাশ করেছে।
 
এ ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। শুক্রবার রাজধানী কায়রোর ২২০ কিলোমিটার দক্ষিণে মিনয়া প্রদেশে এটি ঘটেছে। সম্প্রতি, কয়েক মাসে মিশরে খ্রিস্টানদের উপর কয়েকটি আক্রমণের ঘটনা ঘটেছে। পরবর্তীতে যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
 
চলতি বছরের ৯ এপ্রিল দুটি গির্জায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে, এতে ৪৬জনের মৃত্যু হয়। এই অবস্থায় প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি স্থানীয় সেন্ট স্যামুয়েল এর মঠে প্রার্থনার জন্য যাচ্ছিল। এ সময় আট থেকে দশজন মুখোশধারী তাদের বাসটি থামায় এবং এলোপাথাড়ী গুলি চালায়। তাদের সবার পরনে সামরিক পোশাক ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। জানা যায়, দেশটিতে ৯২ মিলিয়ন জনসংখ্যা আছে। এরমধ্যে কপ্ট খ্রিস্টানরা হল ১০ ভাগ।
 
ইত্তেফাক/জামান