জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করবে কারিগরি শিক্ষা : শিল্পমন্ত্রী

আপডেট : ২৬ মে ২০১৭, ১৮:৩৪
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। দেশের এই জনসংখ্যাকে অনেকেই অভিশাপ মনে করেন, কিন্তু এই জনংসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
 
আজ শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
জেলা প্রশাসক মো. হামিদুল হক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ্-আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
 
‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ শ্লোগানকে সামনে রেখে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এ মেলা শুরু হয়েছে।
 
আমির হোসেন আমু বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ লোক কারিগরি শিক্ষায় শিক্ষিত, আর আমাদের দেশে এর হার হচ্ছে মাত্র ১০ ভাগ। এ কারণে আমরা উন্নয়নের দিক থেকে তাদের চেয়ে অনেক পিছিয়ে আছি। 
 
ইত্তেফাক/এমআই