কাহালুতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

আপডেট : ২৬ মে ২০১৭, ১৯:১১
বগুড়ার কাহালু থানার পুলিশ শুক্রবার সকালে হত্যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আব্দুর রাজ্জাক (৩৫) ও মন্টুকে (৪৮) গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে। তাদের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
 
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক বগুড়া জেলার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের দক্ষিণ জামগ্রামের (সাঁতারপাড়া) আব্দুল জোব্বার এবং মন্টু একই গ্রামের মৃত সোলেমানের পুত্র বলে জানা যায়। উল্লেখ্য, ২০০৭ সালে জামগ্রাম ইউনিয়নের শিয়ালা (বাটপারপাড়া) গ্রামের বিরেন হত্যা মামলায় গ্রেফতার করা দু’জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। 
 
কাহালু থানার পুলিশ জানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাক ও মন্টু নিম্ন আদালতের  রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট তাদের মৃত্যুদণ্ড মওকুফ করে এবং পরবর্তীতে সুপ্রিমকোর্ট নিম্ন আদালতের রায় পুনরায় বহাল করার কারণে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ উল্লেখিত দুই আসামিকে শুক্রবার গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। গ্রেফতার অভিযানে ছিলেন কাহালু থানার এসআই মতিয়ার রহমান, এসআই আব্দুর রহিম, এএসআই ফিরোজ আলম, মুরাদ হোসেন ও আতাউর রহমান।
 
ইত্তেফাক/এমআই