কিন্তু আচমকা সফর বোধহয় একেই বলে! কারন কেউ জানতেই পারল না, যে ব্র্যাড পিট ভারতে আসছেন। অথচ দিব্যি শাহরুখ খানের সঙ্গে এক মঞ্চে বসে নেটফ্লিক্স-ছবি ‘ওয়ার মেশিন’এর প্রোমোশন সেরে ফেললেন। পাপারাৎজির নজর এড়িয়েই।
আলোচনায় অনেক বিষয় উঠে এল বুধবার। যেখানে ‘ফাইট ক্লাব’, তার সিগনেচার স্টাইল, ফিল্মমেকিং সবকিছু নিয়ে কথা বললেন ব্র্যাড। বললেন, ‘বলিউডে বোধহয় কাজ করাটা হবে না কোনওদিন। আমি যে নাচতেই পারি না!’
যার উত্তরে শাহরুখ খান বললেন, ‘আমি তো সারা জীবন শুধু হাতটাই ছড়িয়ে দিয়েছি আর কিছু করিনি। ওইটাই একটা স্টেপ!’
আমেরিকার অন-ডিমান্ড স্ট্রিমিং ওয়েবসাইট নেটফ্লিক্স’এ ছবিটা দেখা যাবে শুক্রবার থেকেই। তারই প্রচারে এশিয়া সফরে বেরিয়েছেন ব্র্যাড। জাপান থেকে সোজা চলে এলেন ভারতে। কোনও বড় ঘোষণা ছাড়াই তিনি চুপিচুপি কেন এলেন? এটাই হয়তো ব্র্যাডের স্টান্ট! কিছুদিন আগে ভিন ডিজেল ঘুরে গিয়েছেন ভারতে। দীপিকা পাড়ুকোন আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে। তার আগে ঘুরে গিয়েছেন জ্যাকি চ্যান। সম্প্রতি জাস্টিন বিবার। যার ‘লিপ সিঙ্ক’ নিয়ে এখনও চর্চা চলছে। সকলের চেয়ে আলাদা বলেই বোধহয় ব্র্যা়ড নিঃশব্দে কাজটা সেরে চলে গেলেন।
My best 2 David & Brad for the release of War Machine on @netflix Pleasure to meet u both & Brad the dance remains pic.twitter.com/mxq0GKrqoL
— Shah Rukh Khan (@iamsrk) May 24, 2017
‘ওয়ার মেশিন’এর পরিচালক ডেভিড মিচ্যাড এসেছিলেন ব্র্যাডের সঙ্গে। ভারতীয় ফ্লিম সমালোচক রাজীব মাসান্দ, বাদশাহ শাহরুখ খানের সঙ্গে কথোপকথনে মজা পেয়েছেন তিনজনেই। এটাই অবশ্য ব্র্যাডের প্রথম ভারত সফর নয়। ২০০৬’এ ‘আ মাইটি হার্ট’ ছবির প্রচারে এসেছিলেন তিনি। গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে। পরে জোলি আবার ব্র্যাডকে বিয়েও করেন। কিন্তু এবার দু’জনকে একসঙ্গে দেখা সম্ভব হল না! তাদের যে ডিভোর্স হয়ে গিয়েছে অনেকদিন হল। আগের বার মেয়ে জাহারা এবং ছেলে ম্যাডক্সকেও নিয়ে এসেছিলেন তারা। এলিফ্যান্টা আইল্যান্ড, গেটওয়ে অফ ইন্ডিয়াতে তাদের অটো চড়ার দৃশ্য এখনও মনে আছে ভক্তদের।
সম্প্রতি ব্র্যাড এক সাক্ষাত্কারে বলেছেন, তিনি বলিউডে কাজ করতে খুবই আগ্রহী। তবে সেটা এখনই হচ্ছে কিনা বলা মুশকিল। এক ফাকে শাহরুখের সঙ্গে আলাপাটা কি সেই জন্যই সেরে নিলেন তারকা? জোলির সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নিজেকে একটু আড়ালে রাখছেন ব্র্যাড। তবে ধীরে ধীরে যে স্বাভাবিক হচ্ছেন, ‘ওয়ার মেশিন’ ছবিটা তারই প্রমাণ। ব্র্যাড ইভেন্টে তার প্রিয় বন্ধু সদ্যপ্রয়াত গায়ক ক্রিস কর্নেলের মৃত্যু নিয়েও কথা বলেন। প্রযোজনা সংস্থা ‘প্যারামাউন্ট’এর সিইও ব্র্যাড গ্রে’র মৃত্যু তাকে কতটা প্রভাবিত করেছে, সে কথাও বলেন তিনি বুধবার।
ক্যাজুয়াল এবং রাগেড লুকে বুধবার দেখা যায় ব্র্যাডকে। হোয়াইট টিশার্ট, অলিভ গ্রিন ক্যাজুয়াল জ্যাকেট এবং চিনোজে এসেছিলেন তিনি। হোয়াইট স্কিকার্সে মন কেড়ে নিলেন ভক্তদের। ইন্ডিয়ান এক্সপ্রেস/এবেলা।
ইত্তেফাক/রেজা
