বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ২০১৮ সালের মধ্যে বন্দর নগরীতে ৭ লাখ প্রিপেইড মিটার স্থাপনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে গোটা দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা প্রিপেইডের আওতায় আনা হবে।
আজ শুক্রবার নগরীর ৪ সরবরাহ ও বিতরণ বিভাগের প্রিপেইড মিটারিং ভেন্ডিং স্টেশন উদ্বোধনকালে এ নির্দেশ দেন। মন্ত্রণালয়ের আগ্রাবাদ প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ হচ্ছে- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ ও মাসের শেষে গ্রাহকদের কাছে বিল পৌঁছানো। প্রিপেইড মিটারিং সিস্টেম চালুর প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এই ব্যবস্থা গ্রাহকদের ভোগান্তি কমাতে অন্যতম ভূমিকা পালন করবে। প্রিপেইড মিটারে সরকারের রাজস্ব বাড়বে এবং সেবার মানও উন্নত হবে।
তিনি বলেন, দেশ লোডশেডিং মুক্ত হয়েছে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে সেবার মান উন্নত করা।
ইত্তেফাক/এমআই
