তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমি সমাজে ও রাজনীতিতে খুনোখুনি বন্ধ করতে চাই, ক্ষমতা দখলের জন্য যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের বিচার চাই, আমি বগুড়ার স্কুলছাত্র মাশুক খুনের বিচার চাই। সমাজে ও রাজনীতিতে যত খুন হয়েছে তার বিচার চাই।
জাসদ নেতা ইমদাদুল হক ইমদাদের ছেলে স্কুলছাত্র মাশুক ফেরদৌস খুনের প্রতিবাদে শুক্রবার বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় জেলা জাসদ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, হত্যা মামলা কখনো তামাদি হয়না, যার প্রমাণ ’৭১ সালের খুনিদের বিচার করেছে শেখ হাসিনার সরকার। বগুড়ার পুত্রবধূ ’৭৫ সালে বঙ্গবন্ধুর খুনিদের মাফ করে দিয়েছিল, তাদেরকে পাশে নিয়ে রাজনীতি করেছে, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। আজ তাদের বিচার হয়েছে।
তিন বলেন, বগুড়ার সন্তান জিয়া, কিন্তু তার হাতে রক্তের দাগ আছে, নিরাপরাধ পঙ্গু মানুষকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছেন। কিন্তু তিনিও পার পাননি, গুলিতে তার বুক ঝাঁঝড়া হয়েছিল।
বগুড়ার স্কুলছাত্র মাশুক খুনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও পার পাবেন না। আপনাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে।
পুলিশ প্রশাসনেসর উদ্দেশে মন্ত্রী বলেন, নিরপেক্ষ কাজ করুন, সরকার আপনারদের পাশে আছে। মাশুক হত্যার প্রকৃত খুনি গ্রেফতার না হলে পুলিশ অফিস ঘেরাও করা হবে।
বগুড়া জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় নিহত স্কু ছাত্র মাশুকের বাবা ইমদাদুল হক ইমমাদ ছাড়াও বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার জাসদ নেতারা বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি
