ফেরদৌস আরার ‘নজরুল সঙ্গীতসমগ্র’ প্রকাশ

আপডেট : ২৭ মে ২০১৭, ০৯:৫৫
প্রকাশিত হলো বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরার সপ্তম খন্ড ‘নজরুল সঙ্গীতসমগ্র’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমস্ত গান নিয়ে এই প্রথম সংগীতসমগ্র প্রকাশনার অনন্য উদ্যোগ। ‘নজরুল সংগীতসমগ্র’ শিরোনামে সিডিগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করছে ইমপ্রেস অডিও ভিশন।
 
গত ২৫ মে চ্যানেল আই প্রাঙ্গণে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত ‘নজরুল মেলা’য় প্রকাশ পেলো এ সিডিটি। প্রকাশনা পর্বে অংশ নেন- চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ‘নজরুল সঙ্গীতসমগ্র’র পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ আলম সারোয়ার, সঙ্গীতজ্ঞ আজাদ রহমান, বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার এবং শিল্পী ফেরদৌস আরা। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীতজ্ঞ আজাদ রহমান।
 
সিডিটি প্রকাশনা সম্পর্কে ফেরদৌস আরা বলেন, ‘সঠিক বাণী ও সুরে নজরুল সংগীত রেকর্ড করা এক দুরূহ ব্যাপার। তদুপরি ‘একক কণ্ঠে হাজার গান’ তুলে আনা অনেক বেশি কঠিন কাজ। তা সত্ত্বেও সবার সহযোগিতায় আমি সেই কঠিন কাজটি নিয়েই এগিয়ে চলেছি। এই কার্যক্রমের ধারাবাহিকতায় ইতিপূর্বে নজরুল সংগীতসমগ্র’র ষষ্ঠ খন্ড পর্যন্ত প্রকাশিত হয়েছে। এবার সপ্তম খন্ড প্রকাশিত হলো। আমি আশা করছি ‘নজরুল সংগীতসমগ্র’ খন্ড খন্ড আকারে প্রকাশের কাজটি চালিয়ে যাবো।’
 
সিডিতে ১২টি গানের মধ্যে রয়েছে- বঁধু তোমার আমার এই যে বিরহ..., এসো প্রিয় আরো কাছে..., আসে বসন্ত ফুলবনে..., চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা..., দুর্গম গিরি, কান্তার মরু দুস্তর পারাবার..., আল্লাজী গো, আমি বুঝি না রে তোমার খেলা..., দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা..., নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে..., আজো বোলে কোয়েলিয়া..., আমায় যারা দেয় মা ব্যথা... এবং এত জল ও কাজল চোখে...।
 
ইত্তেফাক/আনিসুর