আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক

আপডেট : ২৭ মে ২০১৭, ১২:১৬
 
দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে নায়করাজ রাজ্জাক তার সফলতার ঝুলিটি এরইমধ্যে পূর্ণ করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননায়। এবার সেই তালিকায় উঠতে যাচ্ছে নতুন আরেকটি পুরস্কার।
 
আগামী ৪ জুন কলকাতায় অনুষ্ঠিতব্য ১৬তম টেলিসিনে অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা দেওয়া হবে দেশের বরেণ্য এই অভিনেতাকে। জানা গেছে, রাজ্জাক অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে এই সম্মাননা গ্রহণ করবেন। পাশাপাশি কলকাতার রঞ্জিত মল্লিককেও আজীবন সম্মাননা প্রদান করা হবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
 
এছাড়া বাংলাদেশ থেকে আরো পুরস্কার পাচ্ছেন শিকারি ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে চিত্রনায়ক শাকিব খান ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
 
সঙ্গীতে আইয়ুব বাচ্চু, হাবিব ওয়াহিদ ও কনাকেও পুরস্কৃত করা হবে এই অনুষ্ঠানে। শাকিব খান কলকাতায় অনুষ্ঠানে হাজির থেকে পুরস্কার গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তবে পুরস্কার গ্রহণ করতে আইয়ুব বাচ্চু ২ জুন কলকাতা পৌঁছাবেন।
 
ইত্তেফাক/আনিসুর