ফকিরহাটের কাটাখালী বালুর হাটে ট্রাক চাপায় দুই ভ্যান চালক নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় খুলনা থেকে মংলাগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুইটি ভ্যানকে চাপা দিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেতাগার চাদেরঢোল গ্রামের নরেন্দ্রনাথ বৈরাগীর ছেলে ভ্যান চালক উত্তম বৈরাগী (৪৫) ও বাহিরদিয়ার সাতবাড়িয়া গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে ভ্যান চালক মো. ফারুক হোসেন (৩৫)।
এসময় ট্রাকের হেলপার নোমান ও পিলজংগ এলাকার হালিমা বেগম, রনি দাশ, রুমান, রুহুল আমিনসহ সাতজন আহত হয়েছেন। আহতরা খুলনা মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি হয়েছেন।
কাটাখালী হাইওয়ে থানার এসআই শেখ ফরহাদ হোসেন ও সাফুর আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়কের উপর ট্রাকভর্তি বালু রেখে ক্রয়-বিক্রয় করায় চলাচলে প্রতিবন্ধকার সৃষ্টি হচ্ছে। এতে প্রতিনিয়ত ছোট-খাট দুর্ঘটনা ঘটছে।
ইত্তেফাক/কেকে
