পিরোজপুরের মঠবাড়িয়ায় মালবাহী ট্রলি চাপায় এসাহাক মিয়া (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় নিহত বৃদ্ধের ভায়রা হাজী শাসুল হক (৬৫) গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে মঠবাড়িয়ার ধানীসাফা বাজারের সড়কের পাশে একটি চায়ের দোকানে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ এসাহাক মিয়া উপজেলার ধানীসাফা গ্রামের বাসিন্দা ।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১০টার দিকে আপন দুই ভায়রা এসাহাক মিয়া ও শামসুল মিলে ধানীসাফা বাজারের সড়কের পাশে মালেক ভূঁইয়ার চায়ের দোকানে বসে চা খেতে খেতে কথা বলছিলেন। এসময় বালু বোঝাই একটি ট্রলি দোকানের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে উঠে যায়। এসময় ঘটনাস্থলে দুই বৃদ্ধ ভায়রা ট্রলির নিচে চাপা পড়েন। এসময় ট্রলি চালক পালিয়ে যান।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আহত দুই বৃদ্ধকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে বৃদ্ধ এসাহাক মিয়ার মৃত্যু হয়। পরে আশংকাজনক অবস্থায় নিহত বৃদ্ধের ভায়রা হাজী শামসুল হককে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইত্তেফাক/কেকে
