টাঙ্গাইলের ঘাটাইলে জমি'র সীমানার গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে আজাহার আলী (৫৫) নামে একব্যক্তি খুন হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী হাজেরা বেগম (৪৫)। শনিবার দুপুরে ঘাটাইল উপজেলার নুচিয়া মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নুচিয়া মামুদপুর গ্রামে আজাহার উদ্দিনের সঙ্গে প্রতিবেশী শামসুল ও রনিদের মধ্যে সীমানার একটি গাছ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে আজাহার তার বাড়ির সীমানার গাছটি কাটতে গেলে রনি ও শামছুল এতে বাঁধা দেয়। এ নিয়ে তাদের সাথে বাকবিতণ্ডা হয়।
বাকবিতণ্ডার একপর্যায়ে রনি লাঠি দিয়ে আজহারের মাথায় আঘাত করলে সাথে সাথে সে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আজহারের স্ত্রী হাজেরা বেগম (৪৫) আহত হন। হাজেরা বেগমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহি উদ্দিন (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দোষীদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।'
ইত্তেফাক/জামান
