১৬মাস পর দুই ভারতীয় নাগরিকের মুক্তি

আপডেট : ২৭ মে ২০১৭, ১৮:০২
 
আদালত কর্তৃক নির্ধারিত সাজা ভোগের ১৬ মাস পর মৌলভীবাজার কারাগার থেকে শনিবার মুক্তি পেয়েছেন দুই ভারতীয় নাগরিক মা ও ছেলে। শনিবার কারাগার থেকে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বর্ডার দিয়ে বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়।
 
মৌলভীবাজার কারাগার থেকে মুক্তি পাওয়ার আনন্দে মা জয়ন্ত বিশ্বাস ও ছেলে প্রাণতুষ বিশ্বাস কেঁদে ফেলে। নিজ বাড়িতে যাওয়ার প্রহর গুনছেন তারা।জানা গেছে, মা ও ছেলে ২০১৬সালের ২৩ ফেব্রুয়ারি জেলার জুড়ী উপজেলা দিয়ে বিনা পাসপোর্টে প্রবেশ করে পুনরায় ভারত যাওয়ার সময় বিজিবি তাদেরকে আটক করে।
 
২০১৬সালের ১০এপ্রিল আদালত তাদেরকে একমাসের কারাদণ্ড এবং একহাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ও ১০দিনের কারাদণ্ড দেয়। কিন্তু উভয় দেশের আইনি জটিলতার কারণে তাদের কারাভোগের মেয়াদ শেষ হলেও নির্ধারিত সময়ে তাদেরকে কারাগার থেকে বের করা সম্ভব হয়নি। বাংলাদেশ কারাগার ভারতীয় হাইকমিশনার সাথে যোগাযোগ করে অবশেষে ১৬মাস পর শনিবার তাদেরকে মুক্তি করতে সক্ষম হয়েছে কারা কর্তৃপক্ষ।
 
এ বিষয়ে জেলা সুপার মোহাম্মদ আনোয়ারুজ্জামান বলেন, 'উভয় দেশের আইনি জটিলতার কারণে তাদেরকে সময় মতো মুক্তি দেয়া সম্ভব হয়নি। দেরিতে হলেও মুক্তি পেয়ে মা ও ছেলে মধ্যে আনন্দ বিরাজ করছে।'
 
ইত্তেফাক/জামান