আশুগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৭ মে ২০১৭, ১৮:৪২
 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে শিলা (৭) ও সুবর্ণা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহের মিয়ার বাড়ির পুকুরে এই ঘটনাটি ঘটে।
 
নিহত শিলা জাহের চেয়ারম্যানের বাড়ির প্রবাসী এরশাদ মিয়ার মেয়ে। সুবর্ণা একই বাড়ির প্রবাসী বাবুল মিয়ার মেয়ে। শিলা শরীফপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি ও সুবর্ণা তৃতীয় শ্রেণির ছাত্রী।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিলা ও সুবর্ণা গোসল করতে জাহের চেয়ারম্যানের বাড়ির পুকুরে যায়। তারা দুজনেই সাঁতার জানত না। গোসল করতে গিয়ে আসতে দেরি হওয়ায় বাড়ির লোকজন খুঁজতে থাকেন তাদের।
 
কিছুক্ষণ পরেই পুকুরে শিলার মরদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী শিলার মরদেহ উদ্ধার করেন। পুকুরের পাড়ে সুবর্ণার কাপড় চোপড় দেখতে পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পুকুরে ভাল করে খুঁজতে গিয়ে সুবর্ণার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। শরীফপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বর মো. মোহন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান