জামালপুরে শহরের গেইটপাড় এলাকার এক জুয়ার আসর থেকে শুক্রবার রাতে ২২জন হোটেল ও পরিবহণ শ্রমিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে শনিবার জেলা শহরে পরিবহণ ধর্মঘট করেছে শ্রমিকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর শহরের গেইটপাড় এলাকায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়নের অফিসে শুক্রবার রাতে জুয়া খেলা চলছিল। ওই সময় জামালপুর সদর থানা পুলিশ সেখানে বিশেষ অভিযান চালিয়ে হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ হোটেল ও পরিবহণ শ্রমিক নেতাকর্মীদের ২২জনকে গ্রেফতার করে।
এদিকে শ্রমিক নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার ভোর ৫টা থেকে পরিবহণ ধর্মঘট শুরু করে পরিবহণ শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা শহরের বিভিন্ন সড়কের মোড়ে বিচ্ছিন্ন ভাবে ট্রাক-বাস রেখে ব্যারিকেড সৃষ্টি করে ধর্মঘট পালন করে।এতে হঠাৎ পরিবহণ ধর্মঘটের ডাক দেয়ায় সারা দেশের সাথে জামালপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম বিপাকে পড়ে যাত্রীরা। তবে আসন্ন রমজান মাস উপলক্ষে সড়ক অবরোধের ৬ ঘণ্টা পর পরিবহন নেতারা নিজেরাই এক সমঝোতা শেষে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম জানান, শুক্রবার রাতে শহরের গেইটপাড় এলাকার শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২২ শ্রমিককে আটক করা হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আটককৃতদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
