আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপসারিত ভাস্কর্যটির সঙ্গে থেমিসের প্রকৃত ‘মূর্তি’র মিল নেই। ওই মূর্তি বিকৃত করা হয়েছে। এই বিকৃত জিনিস রাখতে চাই না, তাই সরানো হয়েছে। বিকৃত জিনিস রাখলে আগামী প্রজন্মের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই মূর্তি অপসারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়নি।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘প্রজ্ঞা মাদক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরষ্কার’ প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, এই ‘মূর্তি’ সরানোয় ইসলামসহ সব ধর্মকে সম্মান করা হয়েছে। সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি সরানোর ব্যাপারে প্রধান বিচারপতিই সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তেই সেখান থেকে মূর্তি সরানো হয়েছে।
এখন ওই ভাস্কর্যের স্থানে থেমিসের প্রকৃত ভাস্কর্য বসানো হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রকৃত মূর্তি বসানো হবে কিনা সে বিষয়ে আমি কিছু জানি না। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
ইত্তেফাক/এমআই
