গোপালগঞ্জে বাস চাপায় মুক্তিযোদ্ধা কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার মালেঙ্গা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মুর্তজা মোল্লা (৬৭) ও অটোরিকশা চালক আসুদ মীনা (২৩)। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস সাড়ে ৭টার দিকে একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের তিনযাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুর্তজা মোল্লা ও আসুদ মীনাকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি তদন্ত ওমর ফারুক জানান, নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/জামান
