প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন মাস্টারবাড়ি-ভাওয়াল-মির্জাপুর সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এ ব্যস্ততম সড়ক দিয়ে যাতায়াতকারী ইটবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের হাজার হাজার যাত্রীসাধারণকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি থেকে ভাওয়াল-মির্জাপুর বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কটি বেশ কয়েক বছর পূর্বে স্থানীয় এলজিইডি থেকে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ সড়কটি উন্নয়ন করে যানবাহন চলাচলে উপযোগী করলেও বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সড়কের মাস্টারবাড়ি মূল পয়েন্ট, নান্দুয়াইন, ভিমবাজার, কাইঞ্জানল, বিডি ফুড কারখানার সামনে ও কলেজ গেইট এলাকায় রাস্তার অবস্থা খুবই খারাপ। এতে এ সড়কে চলাচল করতে গিয়ে যানবাহন খানাখন্দে আটকে পড়ে। ফলে সৃষ্টি হয় যানজটের। সড়কটি সংস্কার ও উন্নয়নের জন্য স্থানীয় সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হলেও কোনো কাজ হচ্ছে না বলে এলাকাবাসী জানিয়েছে।
এ ব্যাপারে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহীন রেজা বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সড়কটি উন্নয়নের জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। আশা করি আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে সড়কটির প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন সম্ভব হবে। তবে সড়কের ভাঙচুর অংশে ইট-বালু ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হবে।’
ইত্তেফাক/নূহু
