‘অলসপুর’ ১০০০ পর্বে

আপডেট : ২৮ মে ২০১৭, ১০:৩৩
 
ছোট পর্দার একটি জনপ্রিয় ধারাবাহিক নাটকের নাম ‘অলসপুর’। মুহাম্মদ মামুন-অর-রশিদের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন আল হাজেন। অলসপুর এমন একটা রাজ্য, যেখানে সব অলস লোক এসে বাসা বেঁধেছে। মাত্র দু’জন লোক এখানে পেশাজীবী। তাদের একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভজা।
 
আরেকজন চা দোকানি ছিরন। সে নিজেকে জনদরদি মনে করে। কখনোই একা থাকতে পারে না। আর সে কারণেই চায়ের ব্যবসা। কথায় আছে, অলস মাথা শয়তানের কারখানা। অলসপুর গ্রামের মানুষদেরও একই অবস্থা। এমন এক অদ্ভুত গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে ধারাবাহিক নাটকটি।
 
ধারাবাহিক নাটকটি ১ হাজার পর্বে পদার্পণ করতে চলছে। আগামী ৪ জুন ধারাবাহিকটির ১০০০তম পর্ব প্রচার হবে। জনপ্রিয় এই দীর্ঘ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর, আ খ ম হাসান, তুষ্টি, আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, আরফান, আলভী, মৌসুমী হামিদ, তুষ্টি, দিহারসহ অনেকে।
 
ধারাবাহিকটি সপ্তাহের প্রতি বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার রাত ৯টা ৫ মিনিটে আরটিভিতে প্রচার হচ্ছে।
 
ইত্তেফাক/আনিসুর